বাসস
  ২৫ জুন ২০২৬, ১২:৫৮

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে রাশিয়ার তেল ডিপোতে আগুন

ঢাকা, ২৫ জুন, ২০২৬ (বাসস) : ড্রোন হামলার ধ্বংসাবশেষ পড়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার ক্রাই অঞ্চলের একটি তেল ডিপোতে আগুন লেগেছে। 

বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

রাশিয়ার ইউক্রেন অভিযান পঞ্চম বছরে গড়ানোর মধ্যে সাম্প্রতিক সময়ে মস্কোর প্রায় প্রতিদিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে রাশিয়ার ভেতরে হামলা জোরদার করেছে ইউক্রেন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কিয়েভের দাবি, ইউক্রেনীয় বাহিনী মূলত সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোকেই লক্ষ্যবস্তু করছে। এর মাধ্যমে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আয় থেকে ক্রেমলিনকে বঞ্চিত করাই তাদের উদ্দেশ্য।

ক্রাসনোদার ক্রাইয়ের ক্রাসনোআর্মেইস্ক জেলার প্রধান আলেক্সান্দর খারিতোনভ রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ইউএভির ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার পর পোলতাভস্কায়া তেল ডিপোতে আগুন লাগে।’ 

এর কয়েক মিনিট পর ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, রাশিয়ার একটি হামলায় একটি শিল্প স্থাপনায় আগুন লাগে। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।