শিরোনাম

ঢাকা, ২৪ জুন, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা একটি চুক্তির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে বুধবার মন্তব্য করেছে ভারত। তবে দুই পক্ষের মধ্যে বিদ্যমান মতপার্থক্য নিরসনে কোনো চূড়ান্ত অগ্রগতির ঘোষণা দেয়নি নয়াদিল্লি।
নয়াদিল্লি থেকে এএফপি জানায়, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে দুই দিনের আলোচনা ‘গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লি ও ওয়াশিংটন একটি প্রাথমিক সমঝোতার ঘোষণা দেয়। এর আওতায় যুক্তরাষ্ট্র শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামাতে এবং ভারত বিভিন্ন শিল্প ও কৃষিপণ্যের ওপর শুল্ক কমাতে সম্মত হয়।
তবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্কব্যবস্থার বড় অংশ বাতিল করে দেওয়ার পর আলোচনা দীর্ঘায়িত হয়।
এরপর ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগ তদন্ত শুরু করায় আলোচনা আরও জটিল হয়ে ওঠে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গয়াল ও গ্রিয়ার একাধিক দফা বৈঠক করেছেন এবং এ সফর চলমান প্রচেষ্টার ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’।
উভয় পক্ষই একটি অন্তর্বর্তীকালীন চুক্তি চূড়ান্ত করার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে।
গয়াল দাবি করেন, চুক্তির প্রথম ধাপের ‘৯৯ শতাংশ’ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেন, আলোচকরা এখন ‘শেষ এক শতাংশ’ নিয়ে কাজ করছেন।
তবে কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। গয়ালের ভাষ্য অনুযায়ী, ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—চূড়ান্ত শুল্কহার যেন আঞ্চলিক অন্যান্য উৎপাদনশীল প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় প্রতিযোগিতামূলক অবস্থানে থাকে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানান, নির্দিষ্ট সময় পর চুক্তির শর্তাবলি পুনর্বিবেচনার সুযোগ রেখে একটি ধারা যুক্ত করার প্রস্তাবও দিয়েছে নয়াদিল্লি।