শিরোনাম

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার সুইজারল্যান্ডের একটি রিসোর্ট কমপ্লেক্সে ‘প্রাথমিক আলোচনা’ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির বরাতে জেনেভা থেকে এএফপি জানায়, ‘বর্তমানে পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশ আগামীকাল বুর্গেনস্টকে চুক্তি বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক আলোচনায় মিলিত হবে।’
এ ঘোষণার মধ্য দিয়ে মধ্য সুইজারল্যান্ডের লুসার্নের কাছে অবস্থিত বিলাসবহুল বুর্গেনস্টক হোটেল কমপ্লেক্সে অনুষ্ঠেয় বৈঠকটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হলো। বৈঠকটির ঘোষণা প্রথম দেওয়া হয়েছিল গত মঙ্গলবার।
তখন বলা হয়েছিল, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া আঞ্চলিক যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে সেখানে আনুষ্ঠানিক স্বাক্ষর হবে।
তবে অপ্রত্যাশিতভাবে নির্ধারিত সময়ের আগেই স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন হয়। বুধবার প্যারিসের বাইরে মোমবাতির আলোয় আয়োজিত এক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দূরবর্তীভাবে এতে স্বাক্ষর করেন।
চুক্তির বিভিন্ন দিকের বিস্তারিত নিয়ে আলোচনায় ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে এর বেশি কোনো তথ্য দিতে পারেনি সুইজারল্যান্ড।