বাসস
  ১৮ জুন ২০২৬, ১৫:৪১

ক্ষেপণাস্ত্র হামলার মুখে কিয়েভ

ঢাকা,  ১৮ জুন, ২০২৬ (বাসস) : ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। সেখানে অবস্থানরত এএফপি’র সাংবাদিকরা এ তথ্য জানান।

সতর্কতা সংকেত জারির পর সাংবাদিকরা একটি ক্ষেপণাস্ত্রের শব্দ ও পরপর দুটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। এ সময় মানুষকে দ্রুত আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে দেখা যায়।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো নিশ্চিত করেছেন যে শহরটি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

তিনি জানান, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেনের হামলা-পাল্টা হামলা আরও তীব্র হয়েছে। এতে বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে।

ইউক্রেনকে সমর্থন দেওয়ার বিষয়ে এক সময় অনাগ্রহী ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মঙ্গলবার ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে তিনি বলেন, মস্কোর ‘একটি সমঝোতায় পৌঁছানো উচিত।’

এছাড়া তিনি ইঙ্গিত দেন, ওয়াশিংটন রাশিয়ার ওপর পূর্বে শিথিল করা নিষেধাজ্ঞাগুলো আবারও পুনর্বহাল করতে পারে।