বাসস
  ১৮ জুন ২০২৬, ১৫:১১

ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী খুলবে, যুক্তরাষ্ট্র অবিলম্বে অবরোধ প্রত্যাহার করবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস) : পাকিস্তানের প্রধানমন্ত্রী  শেহবাজ শরিফ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ইরান ‘তাৎক্ষণিকভাবে’ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ ‘অবিলম্বে’ প্রত্যাহার করবে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, সমঝোতা স্মারকটি ‘তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং প্রথম পদক্ষেপ হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র অবিলম্বে নৌ অবরোধ প্রত্যাহার করবে।’

তিনি আরও নিশ্চিত করেন, কাতারের সহায়তায় পাকিস্তান শুক্রবার সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করবে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শেহবাজ শরিফ জানান, ওই অনুষ্ঠানে এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করা হবে এবং কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।