শিরোনাম

ঢাকা, ১৫ জুন, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত চুক্তিকে স্বাগত জানিয়েছে মিশর। এ চুক্তি অঞ্চলটির শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে বলে অভিমত দেশটির।
যুক্তরাষ্ট্র ও ইরান জানিয়েছে, তারা এমন একটি সমঝোতায় পৌঁছেছে যার মাধ্যমে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত করা হবে। তবে তেহরানের পারমাণবিক কর্মসূচির জটিল প্রশ্নে তারা খুব বেশি বিস্তারিত তথ্য দেয়নি।
কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সোমবার এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিকে মিশর স্বাগত জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি হিসেবে বিবেচনা করছি, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করবে।’
বিবৃতিতে আরও বলা হয়, মিশর আশা করে যে এই চুক্তি পারস্পরিক আস্থা জোরদার করতে, সহযোগিতার নতুন ভিত্তি গড়ে তুলবে ও শান্তির অনুকূল পরিবেশ সৃষ্টি করবে এবং অঞ্চলের বাকি সমস্যাগুলোর সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করবে।