শিরোনাম

ঢাকা, ১৫ জুন, ২০২৬ (বাসস) : পাকিস্তানের পূর্বাঞ্চলে পুলিশের গুলিতে এক অস্ট্রেলীয় শিশু নিহত হয়েছে| একই ঘটনায় শিশুটির পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন।
ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া।
পাঞ্জাবের পুলিশ জানায়, বুধবার এক ডাকাতির ঘটনায় অভিযান চালাতে গিয়ে পুলিশ সদস্যরা সন্দেহভাজনদের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এ সময় একটি গাড়িতে থাকা এক পরিবারের সদস্যদের জিম্মি করে রাখা হয়েছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়লে দায়িত্বে থাকা কর্মকর্তা ভুলভাবে ধারণা করেন যে সন্দেহভাজনরা ভুক্তভোগীদের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছে এবং তিনি গুলি চালান।’
এই ভুল সিদ্ধান্তের কারণে ১০ বছর বয়সী হানিয়া নিহত হয় এবং তার বাবা ও ভাই আহত হন বলে জানানো হয়।
পাঞ্জাব পুলিশ আরও জানায়, নিহত শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারিক হেফাজতে পাঠানো হয়।
অস্ট্রেলীয় গণমাধ্যম জানিয়েছে, পরিবারের সদস্যরা পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে পাকিস্তানে আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখনই এই ঘটনা ঘটে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্থনি আলবানিজ বলেন, সরকার এই ঘটনার পূর্ণ স্বচ্ছতা ও সুষ্ঠু তদন্ত আশা করে।
তিনি জানান, ‘শুধু একটি শিশুই প্রাণ হারায়নি, পরিবারের আরও সদস্যও গুরুতর আহত হয়েছেন— এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিহত অস্ট্রেলীয় নাগরিকের পরিবার ও আহতদের সহায়তা দিচ্ছে।
পাঞ্জাব পুলিশ বলেছে, ঘটনাটি নিয়ে ‘সম্পূর্ণ নিরপেক্ষ ও বিস্তারিত তদন্ত’ চলছে|।
এক বিবৃতিতে তারা দুঃখ প্রকাশ করে জানায়, উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালন করলেও, কোনোভাবেই নিয়মবহির্ভূত আচরণের যৌক্তিকতা নেই।