শিরোনাম

ঢাকা, ১৫ জুন, ২০২৬ (বাসস) : ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার ভোরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছে বলে জানা গেছে।
এএফপির এক প্রতিবেদক জানান, তিনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এবং ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন স্থানে পড়তে দেখেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকোসহ ইউক্রেনের কয়েকজন কর্মকর্তা টেলিগ্রামে জানান, রাশিয়ার হামলায় শহরের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘রাজধানীকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে রাশিয়া।
পরে এক বার্তায় তিনি আরও জানান, হামলায় অন্তত ছয়জন আহত হয়েছে।
অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ জানান, হামলায় ক্ষতিগ্রস্ত একটি জেলায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
এদিকে, দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দনিপ্রো শহরে একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা।