বাসস
  ১৪ জুন ২০২৬, ২১:২৭

৮০ বছরে পা রাখলেন ট্রাম্প

ঢাকা, ১৪ জুন, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ৮০ বছরে পা রাখলেন। এ উপলক্ষে তিনি হোয়াইট হাউসের দক্ষিণ লনে ব্যতিক্রমধর্মী এক খাঁচাবন্দি লড়াইয়ের আয়োজন করেছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ নামের এ নজিরবিহীন আসরে অংশ নিচ্ছেন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) ১৪ জন তারকা যোদ্ধা। ‘দ্য ক্ল’ নামে বিশাল এক অঙ্গনে তারা একে অপরের মুখোমুখি হবেন।

৬ কোটি ডলার ব্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ। একই সঙ্গে দিনটি ট্রাম্পের ৮০তম জন্মদিনও।

সমালোচকেরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে পরিচিত প্রাঙ্গণে এমন সহিংস আয়োজনকে রুচিহীন বলে আখ্যা দিয়েছেন। বিশেষ করে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ আয়োজনকে তারা অনুপযুক্ত বলে মনে করছেন।

অবশ্য নিজের জন্মদিনেই ইরানের সঙ্গে বহু প্রতীক্ষিত শান্তিচুক্তি সম্পন্ন করতে পারেন ট্রাম্প। যদিও তেহরান এ সময়সূচি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

বিলিয়নিয়ার প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি দীর্ঘদিন ধরে ইউএফসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং যার রাজনৈতিক সমর্থনভিত্তির বড় অংশই এ খেলার তরুণ পুরুষ দর্শক, তিনি এ আয়োজনকে অনন্য এক প্রদর্শনী হিসেবে বর্ণনা করেছেন।

গত মে মাসে কয়েকজন শক্তিশালী, খালি হাতে লড়াই করা ইউএফসি যোদ্ধাকে ওভাল অফিসে আমন্ত্রণ জানিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘এটি এমন একটি অনুষ্ঠান হতে যাচ্ছে, যা আপনাদের সত্যিই ভালো লাগবে।’

হোয়াইট হাউস জানিয়েছে, এ আয়োজনের পুরো ব্যয় বহন করছে ইউএফসি।

ইউএফসির প্রধান কনটেন্ট কর্মকর্তা ক্রেইগ বরসারি অবশ্য খেলাধুলা ও রাজনীতিকে একসঙ্গে মিশিয়ে দেখার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি এ সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বিষয়টিকে এভাবে দেখি যে, আমাদের সামনে দেশ ও আমাদের ক্রীড়াবিদদের উদযাপনের এক অসাধারণ ও একেবারেই অনন্য সুযোগ এসেছে।’

‘দারুণ যুদ্ধযন্ত্র’

নাটকীয়তার অংশ হিসেবে রোববারের এ আসরে অংশ নেওয়া কয়েকজন শীর্ষ যোদ্ধা সরাসরি ওভাল অফিস থেকেই বেরিয়ে এসে হোয়াইট হাউসের ঐতিহাসিক দক্ষিণ লনের দিকে অগ্রসর হবেন বলে জানা গেছে।

লড়াইগুলো অনুষ্ঠিত হবে ‘অক্টাগন’-এ— আট কোণবিশিষ্ট তারের জালঘেরা একটি খাঁচায়। এর চারপাশে চার হাজারের বেশি দর্শকের বসার ব্যবস্থা রাখা হয়েছে।

রোববারের লড়াইয়ে অংশ নেওয়া ইউএফসি যোদ্ধা মাইকেল চ্যান্ডলার বলেন, এটি ‘যুদ্ধভিত্তিক ক্রীড়ার ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন’।

ফরাসি যোদ্ধা সিরিল গেনও জানিয়েছেন, তিনি মূলত ক্রীড়া দিকটিতেই মনোযোগ দিচ্ছেন।

তিনি এ মাসের শুরুতে এএফপিকে বলেন, ‘আমরা কোনোভাবেই রাজনীতির সঙ্গে জড়িত নই। কিন্তু বিশ্বের সামনে নিজেদের তুলে ধরার একটি সুযোগ পেয়েছি— সেটিকে আমাদের কাজে লাগাতে হবে।’

সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, লড়াইয়ের বিরতিতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক বিভিন্ন ঘটনার সংক্ষিপ্ত উপস্থাপনা দেখানো হবে। এ ছাড়া থাকবে সামরিক ব্যান্ডের পরিবেশনা, মার্কিন সামরিক বিমানের ফ্লাইপাস্ট, প্যারাশুট প্রদর্শনী এবং ১০ মিনিটব্যাপী আতশবাজির আয়োজন। 
‘বর্ণিল এক বিশাল প্রদর্শনী’

এদিকে আয়োজনটি বন্ধের দাবিতে করা একটি আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছেন একজন মার্কিন বিচারক। দুই স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছিলেন, এ অনুষ্ঠান দুর্নীতিগ্রস্ত ও অনৈতিক।

ট্রাম্পের জন্মদিনের এ লড়াই ইতোমধ্যেই ওয়াশিংটনের কেন্দ্রস্থলের বড় অংশজুড়ে প্রভাব ফেলেছে।

লিংকন মেমোরিয়ালের সামনে যোদ্ধাদের ওজন মাপার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ন্যাশনাল মলে বিশাল পর্দায় অনুষ্ঠানটি দেখার জন্য প্রায় এক লাখ ২৫ হাজার মানুষের জায়গা রাখা হয়েছে।

৮০ বছরে পদার্পণের সঙ্গে সঙ্গে ট্রাম্পের স্বাস্থ্য নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তবে এ আয়োজন সেসব আলোচনা অনেকটাই আড়াল করে দিয়েছে।

ট্রাম্প প্রায়ই নিজের প্রাণশক্তির সঙ্গে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনা করেন। বাইডেন একটি দুর্বল বিতর্ক-প্রদর্শনের পর দ্বিতীয় মেয়াদের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

তবে হাতের কালশিটে দাগ, পায়ের শিরার সমস্যা এবং বৈঠকে ঘুমঘুম ভাব  এমন বেশ কয়েকটি শারীরিক সমস্যা নিয়েও ট্রাম্প আলোচনায় ছিলেন। যদিও তার ব্যক্তিগত চিকিৎসক দাবি করেছেন, তিনি চমৎকার সুস্থ আছেন।

এ সপ্তাহে এক কর্মকর্তার পোস্ট করা ভিডিওতে ট্রাম্প বলেন, ‘আমি যে জন্মদিনটি উদযাপন করছি, সেটি নিয়ে আমি খুব খুশি নই। এটি এমন একটি সংখ্যা, যা আমার পছন্দ নয়। তবে তবুও আমি এখানে আছি।’

বাস্তবে, রক্তাক্ত লড়াই আর জাঁকজমকপূর্ণ এ আয়োজনের পুরো সময়জুড়েই কেন্দ্রবিন্দুতে থাকবেন ট্রাম্প, যেমনটি তিনি সব সময়ই থাকেন।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্কুলের পরিচালক পিটার লজ এএফপিকে বলেন, ‘তিনি প্রেসিডেন্সিকে এমনভাবে পরিচালনা করছেন, যেভাবে তিনি তার আগের পেশাকে পরিচালনা করতেন— একটি বড়, বর্ণিল প্রদর্শনী হিসেবে।’

গত বছর নিজের জন্মদিনে ট্রাম্প ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ২৫০ বছর পূর্তি উপলক্ষে নজিরবিহীন এক সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছিলেন।