বাসস
  ১০ জুন ২০২৬, ১৭:১৯

গুয়ানতানামো সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ জুন, ২০২৬ (বাসস) : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার কিউবার গুয়ানতানামো উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সফর করবেন। সেখানে তিনি সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। 

পেন্টাগন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার বিকেলে এক বাক্যের সংক্ষিপ্ত বিবৃতিটিতে এ সফরের ঘোষণা দেওয়া হয়।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কমিউনিস্ট শাসিত কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও তেল সরবরাহে কঠোর অবরোধ জোরদারের মাধ্যমে ওয়াশিংটন যখন দেশটির ওপর চাপ বাড়াচ্ছে, তখনই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি কিউবার কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে চান।

পেন্টাগন জানায়, গুয়ানতানামো সফরের পাশাপাশি হেগসেথ ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পাও সফর করবেন। সেখানে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর সদর দপ্তর অবস্থিত।

মধ্যপ্রাচ্যে ইরানবিরোধী অভিযানসহ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কার্যক্রম, সেন্টকমের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

গত মাসের শেষ দিকে ল্যাটিন আমেরিকায় মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা শীর্ষ মার্কিন জেনারেল ফ্রান্সিস ডোনোভান গুয়ানতানামো সফর করেন। সেখানে তিনি কিউবার সামরিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

মায়ামি থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কিউবার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত গুয়ানতানামো উপসাগর ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আটক বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগে বিশ্বব্যাপী পরিচিত।

এ ছাড়া ট্রাম্প প্রশাসন অভিবাসীদের বহিষ্কারের জন্যও এই ঘাঁটিকে আটককেন্দ্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে।