বাসস
  ১০ জুন ২০২৬, ১৬:৪৭

ফিলিস্তিনি শিশু হত্যা নিয়ে ইসরাইলি মানবাধিকার সংস্থার ভিডিও প্রকাশ

ঢাকা, ১০ জুন, ২০২৬ (বাসস) : অধিকৃত পশ্চিম তীরে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যুর ঘটনায় ইসরাইলি সেনাবাহিনীর দেওয়া ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করে একটি ভিডিও প্রকাশ করেছে ইসরাইলের মানবাধিকার সংস্থা বি’তসেলেম।

সংস্থাটি মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে দাবি করেছে, ওই ঘটনায় সেনাবাহিনীর বক্তব্যের সঙ্গে ঘটনার বাস্তব চিত্রের মিল নেই।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে পশ্চিম তীরের হেবরন শহরে একটি পারিবারিক গাড়িতে ইসরাইলি বাহিনী গুলি চালালে সাত মাস বয়সী সাম ফাহদ আবু হাইকাল নিহত হয়। এ ঘটনায় তার বাবা-মাও সামান্য আহত হন।

শুক্রবারের ওই ঘটনার পর ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘সেনারা একটি গাড়িকে তাদের দিকে দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখার পর’ গুলি চালিয়েছিল।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত বি’তসেলেম-এর ভিডিওতে দেখা যায়, গাড়িটি দুই ইসরাইলি সেনার কাছে পৌঁছানোর আগে গতি কমিয়ে থেমে যায়।

ভিডিওতে গুলি ছোড়ার দৃশ্য দেখা যায় না। তবে গুলির ঘটনার পর ফিলিস্তিনি পরিবারটিকে গাড়ির বাইরে দেখা যায়। এ সময় বাবার কোলে থাকা শিশুটির শরীর থেকে রক্ত ঝরছিল।

গুলির ঘটনার কিছুক্ষণ পর সেনাবাহিনী জানায়, তারা বিষয়টি তদন্ত করছে। 

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ফিলিস্তিনি দম্পতি ও তাদের শিশু ‘ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না এবং তারা সাধারণ বেসামরিক নাগরিক।’

বি’তসেলেম আরও অভিযোগ করেছে, আহতদের সহায়তায় সেনারা কোনো উদ্যোগ নেয়নি।

সংস্থাটি এক্স-এ লিখেছে, ‘গুলির ঘটনার পর যে সেনা গুলি চালিয়েছিল ও তার সঙ্গে থাকা আরেক সেনা গাড়িটি পরীক্ষা না করেই ঘটনাস্থল ত্যাগ করে। তারা গুরুতর আহত শিশু ও তার মাকে কোনো সহায়তাও দেয়নি।’

ইসরাইলি সেনাবাহিনী এএফপিকে জানায়, সংস্থাটির প্রকাশিত ভিডিওটি তারা ‘পর্যালোচনা করছে।’

শনিবার সামের জানাজায় তার বাবা ফাহদ আবু হাইকাল বলেন, ঘটনাটিকে ভুলবশত ঘটেছে বলে যে দাবি করা হচ্ছে, তিনি তা মানতে রাজি নন।