বাসস
  ০৯ জুন ২০২৬, ১৭:০৩

পাকিস্তানে টিটিপি’র হামলায় ৬ আধাসামরিক বাহিনীর সদস্য নিহত, অপহৃত ৮

ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস)  : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি চেকপোস্টে হামলা চালিয়ে ছয় জন আধাসামরিক বাহিনীর সদস্যকে হত্যা এবং আরও আট জনকে অপহরণ করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। 

মঙ্গলবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, সোমবার সংগঠনটির  বেশ কয়েকজন সদস্য পেশোয়ার শহরের একটি চেকপোস্টে হামলা চালায়। এ সময় তারা আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও মর্টার শেল ব্যবহার করে হামলা চালায়।

আরেক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘সশস্ত্র জঙ্গিদের হামলায় ফেডারেল কনস্ট্যাবুলারির (এফসি) ছয় সদস্য শহীদ ও চার জন আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোওয়া প্রদেশে সামনের সারির নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আধাসামরিক বাহিনীটির সদস্যদের ওপর এই হামলা চালানো হয়।

ওই কর্মকর্তা আরও জানান, ‘জঙ্গিরা এফসি’র আট সদস্যকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।’

টিটিপি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেলে অপহৃত ব্যক্তিদের একটি ছবি প্রকাশ করেছে এবং এ হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তান সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলে ক্রমবর্ধমান সশস্ত্র বিদ্রোহ মোকাবিলা করছে। 
ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুলের তালেবান সরকার বারবার এ অভিযোগ অস্বীকার করেছে।

গত মাসে খাইবার পাখতুনখোওয়ায় একাধিক হামলায় ২৬ জন নিহত হয়।

জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে কাবুল ও ইসলামাবাদের সম্পর্ক উল্লেখযোগ্য অবনতি হয়েছে।