শিরোনাম

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস) : ইসরাইলের সেনাবাহিনী শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে লিতানি নদীর উত্তরে অবস্থিত তিনটি গ্রামের বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। ওই এলাকায় ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানো হতে পারে বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ‘আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে নিজেদের বাড়িঘর ছেড়ে দিতে হবে এবং গ্রাম ও শহর এলাকা থেকে অন্তত ১ কিলোমিটার দূরে খোলা জায়গায় সরে যেতে হবে।’
তিনি বলেন, ‘যারা হিজবুল্লাহর সদস্য এবং হিজবুল্লাহর স্থাপনা বা অস্ত্রের কাছাকাছি থাকবেন, তারা নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন।’
এদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বৃহস্পতিবার লেবানন ও ইসরাইলের দূতদের ঘোষিত শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন। তিনি এর পরিবর্তে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং ইসরাইলের উত্তরাঞ্চলে নতুন হামলার হুমকিও দিয়েছেন।