শিরোনাম

ঢাকা, ৪ জুন, ২০২৬ (বাসস) : হিজবুল্লাহ ইসরাইলি জনপদে হামলা চালালে বৈরুতে সামরিক হামলা চালানোর ‘স্বাধীনতা’ যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরাইলি সেনাবাহিনী পেয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
তিনি আরও বলেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বুধবার অর্জিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে কাটজ বলেন, ‘এই পর্যায়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গোলাবর্ষণ ও স্থল অভিযান চালিয়ে যাবে। তারা লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইয়েলো লাইন পর্যন্ত অবস্থান বজায় রাখবে। এর মধ্যে বউফোর্ট এলাকাও অন্তর্ভুক্ত।’
তিনি বলেন, ‘জনগণের প্রত্যাবর্তন ছাড়া সেনাবাহিনী সেখানে অবস্থান করবে এবং একই সঙ্গে মাটিতে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের কার্যক্রম অব্যাহত রাখবে।’
কাটজ বলেন, ইসরাইলি বাহিনী যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ‘কার্যক্রম পরিচালনার স্বাধীনতা’ ধরে রাখবে।
তিনি আরও বলেন, ‘ইসরাইলি জনপদ ও ভূখণ্ডে হামলার জবাবে বৈরুতে আঘাত হানার স্বাধীনতা আমাদের থাকবে।’