শিরোনাম

ঢাকা, ৩ জুন, ২০২৬ (বাসস) : হন্ডুরাস কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, গত মাসে একটি পাম বাগানে ১৯ জন শ্রমিক হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এই হত্যাকা-টি ঘটেছিল দেশটির সংঘাত-কবলিত বাজো আগুয়ান অঞ্চলের রিগোরেস এলাকায়। ওই এলাকায় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলো পাম বাগান ও মাদক পাচারের রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংঘাতে জড়িত রয়েছে।
নিরাপত্তামন্ত্রী গেরসন ভেলাসকেজ সাংবাদিকদের জানান, কার্লোস মলিনা এই গণহত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা দেওয়ার সন্দেহভাজন।
তিনি এল গাতো নেগ্রো বা কালো বিড়াল নামেও পরিচিত।
প্রায় ছয় জন এই হত্যাকা- বাস্তবায়ন করেছিল বলে ধারণা করা হলেও, তাদের কাউকেই এখনও গ্রেফতার করা যায়নি।
মে মাসের মাঝামাঝি একই দিনে হন্ডুরাস-গুয়াতেমালা সীমান্তের কাছে পাঁচ জন পুলিশ সদস্য নিহত হয়।
দেশটির আইনপ্রণেতারা সম্প্রতি সহিংস অপরাধ দমনে নতুন কিছু সংস্কার আইন পাস করেছেন।
নতুন এই পদক্ষেপগুলোর মাধ্যমে জননিরাপত্তা কার্যক্রমে সামরিক বাহিনীর অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। সংঘবদ্ধ অপরাধ দমনে একটি নতুন ইউনিট গঠন করা হবে।