বাসস
  ০৩ জুন ২০২৬, ১২:০১

বিক্ষোভের মুখে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

ঢাকা, ৩ জুন, ২০২৬ (বাসস) : বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে চলা ব্যাপক বিক্ষোভের মধ্যেই এ ঘটনা ঘটেছে। সরকারি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির শ্রমিক, কৃষক, খনি শ্রমিক, পরিবহন কর্মী ও শিক্ষকরা চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনী মোতায়েনের জন্য জরুরি অবস্থা জারির সম্ভাবনাও নাকচ করেনি সরকার।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে বলেন, ‘হ্যাঁ, তথ্যটি সঠিক।’ তিনি নিশ্চিত করেন যে প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো সালিনাস পদত্যাগ করেছেন।

বলিভিয়ার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সালিনাসের স্থলাভিষিক্ত হয়েছেন আর্নেস্তো জাস্টিনিয়ানো। তিনি একজন জুনিয়র মন্ত্রী এবং দেশের মাদকবিরোধী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।