শিরোনাম

ঢাকা, ২ জুন, ২০২৬ (বাসস) : জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হেনেছে। এতে হাজার হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং শত শত ফ্লাইট বাতিল ও অন্তত নয় জন আহত হয়েছে বলে জানা গেছে।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়টি মূলত টাইফুন হিসেবে শুরু হলেও পরে দুর্বল হয়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়। ‘জাংমি’ নামের এই ঝড়টি সোমবার ওকিনাওয়া দ্বীপে আঘাত হানার পর উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ঝড়ের কারণে উঁচু ঢেউ, ভূমিধস ও বন্যার আশঙ্কা রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা অঞ্চলে প্রায় ৩০ হাজারের বেশি পরিবার ও ওকিনাওয়ায় আরও প্রায় ১৭ হাজার পরিবার মঙ্গলবার সকালে বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।
জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা বলেন, ওকিনাওয়ায় ঝড় ‘জাংমি’র আঘাতে নয় ব্যক্তি আহত হয়েছেন।
সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে তিনি বলেন, ঝড়ের কারণে উড়ে আসা বস্তু গাড়ির সঙ্গে ধাক্কা লাগা ও প্রবল বাতাসের কারণে এ সব ব্যক্তি আহত হয়েছে।
সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেন, ঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হওয়ায়, বুধবার টোকিওসহ আশপাশের এলাকার গণপরিবহনেও বিঘ্ন ঘটতে পারে।
কিহারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যেসব এলাকার মানুষের ঝড়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনায় রয়েছে, তারা যেন স্থানীয় প্রশাসনের দেওয়া নির্দেশনার প্রতি নজর রাখেন ও প্রয়োজনে আগেভাগেই নিরাপদ স্থানে সরে যান।