শিরোনাম

ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস) : সিরিয়ার সাবেক এক জেনারেল ও পুলিশের উচ্চপদস্থ এক সাবেক কর্মকর্তা সোমবার ভিয়েনায় বিচারের মুখোমুখি হয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সিরিয়ার ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের শাসনামলে বিরোধীদের নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন।
অস্ট্রিয়ায় রাষ্ট্রীয় প্রসিকিউটররা এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ হলো— তারা বহুবার ‘বিক্ষোভ আন্দোলনের সদস্যদের প্রতি নির্যাতনের নির্দেশ দিয়েছিলেন বা সেই নির্যাতন বন্ধে কোনো পদক্ষেপ নেননি’।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
অভিযুক্তদের মধ্যে একজন ছিলেন সিরিয়ার গোয়েন্দা সংস্থার সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও অন্যজন ছিলেন স্থানীয় অপরাধ তদন্ত শাখার সাবেক প্রধান।
অভিযোগ অনুযায়ী, তারা ২০১১ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত সিরিয়ার রাক্কা শহরে এ সব অপরাধ সংঘটিত করেছেন।
অস্ট্রিয়ার আইন অনুযায়ী, আদালতের চূড়ান্ত রায় ঘোষণার আগে অভিযুক্তদের নাম প্রকাশ করেনি প্রসিকিউশন বিভাগ।
তবে অস্ট্রিয়ার সংবাদপত্র ডের স্ট্যান্ডার্ড গোয়েন্দা কর্মকর্তার নাম ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল-হালাবি বলে উল্লেখ করেছে।
এছাড়া সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, তিনি ২০২৪ সালের শেষ দিক থেকে বিচার-পূর্ব আটক অবস্থায় আছেন।
নিউইয়র্ক টাইমস গত নভেম্বর মাসে এক প্রতিবেদনে খালেদ আল-হালাবির নাম প্রকাশ করে এবং তার সহ-অভিযুক্ত হিসেবে লেফটেন্যান্ট কর্নেল মুসাব আবু রুকবা-র নাম উল্লেখ করে।
এ সব তথ্য তাদের আইনজীবীর বরাতে জানানো হয়।