বাসস
  ০১ জুন ২০২৬, ১৪:৪৬

পশ্চিম তীরে গাড়ি হামলায় আহত ২, সন্দেহভাজনকে গুলি করে হত্যা 

ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস) : দখলকৃত পশ্চিম তীরে রোববার একদল ইসরাইলি বেসামরিক নাগরিকের ওপর নিজের গাড়ি তুলে দেয় সন্দেহভাজন এক ব্যক্তি। এতে দুই কিশোরী আহত হয়েছে। পওে সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে এক সেনাসদস্য। ইসরাইলি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দক্ষিণ পশ্চিম তীরের গুশ এতজিয়ন জংশন এলাকায় ঘটনাটি ঘটেছে।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, আহতদের জেরুজালেমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমডিএ জানায়, আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরীর হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে। ১৫ বছর বয়সী অপর কিশোরীর মুখমণ্ডলে আঘাত পেয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে,‘গুশ জংশন এলাকায় ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর গাড়ি তুলে দেওয়ার খবর পেয়ে সেনাদের পাঠানো হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনাস্থলেই হামলাকারীকে গুলি করে হত্যা করে এক সেনাসদস্য। বর্তমানে এলাকাটির রাস্তা বন্ধ করে তল্লাশি চালানো হচ্ছে।’

তবে সেনাবাহিনী হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি।

অন্যদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আমজাদ জাওয়াদ আবদেল ফাত্তাহ নাতশেহ (৩১) নামের এক ব্যক্তি বেথলেহেমের দক্ষিণে গুশ এতজিয়ন জংশনে ইসরাইলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন।