বাসস
  ৩১ মে ২০২৬, ১১:১৫

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে প্রস্তাবিত চুক্তির কয়েকটি শর্তে পরিবর্তন চান ট্রাম্প

ঢাকা, ৩১ মে, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তির কয়েকটি শর্ত পরিবর্তন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে। এতে চূড়ান্ত সমঝোতা এখনও অনিশ্চিত রয়ে গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প চুক্তির শর্তগুলো আরও কঠোর করার প্রস্তাব দিয়েছেন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, সংশোধিত প্রস্তাবটি আবারও পর্যালোচনার জন্য ইরানের কাছে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ঠিক কী ধরনের পরিবর্তন চেয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

তবে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, তিনি চুক্তির কয়েকটি বিষয়ে পরিবর্তনের ওপর জোর দিয়েছেন, যেগুলো তিনি ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের পারমাণবিক উপকরণ কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে তিনি কঠোর অবস্থান নিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরানে এই যুদ্ধ শুরু হয়। প্রস্তাবিত চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার আগে নতুন সংশোধনীগুলোর কারণে পক্ষগুলোর মধ্যে আলোচনা আরও কয়েকদিন দীর্ঘায়িত হতে পারে।

এর আগে মার্কিন সূত্রগুলো এএফপিকে জানিয়েছিল, চুক্তির খসড়া ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকের পরও তিনি কোনো সিদ্ধান্ত নেননি বলে জানা গেছে।

ট্রাম্প এর আগে বলেছেন, সম্ভাব্য যেকোনো চুক্তিতে তার দুটি প্রধান শর্ত রয়েছে। প্রথমত, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে। দ্বিতীয়ত, অবরুদ্ধ হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য পুনরায় খুলে দিতে হবে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়।