বাসস
  ৩০ মে ২০২৬, ১৬:৩৭

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলায় নিহত ৩

ঢাকা, ৩০ মে, ২০২৬  (বাসস) : পূর্ব প্রশান্ত মহাসাগরের একটি নৌযানে শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর প্রাণঘাতী হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।  কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরে পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলাচল করছিল। এটি মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ল্যাটিন আমেরিকা ভিত্তিক মাদক চক্রগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধে রয়েছে। এ প্রেক্ষাপটে সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে।

তবে যেসব নৌযানে হামলা চালানো হয়েছে, সেগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলÑ এমন চূড়ান্ত প্রমাণ ট্রাম্প প্রশাসন এখনো প্রকাশ করেনি।

আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এ সব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে। কারণ, হামলার লক্ষ্যবস্তু ব্যক্তিরা বেসামরিক এবং তারা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি সৃষ্টি করছিলেন বলে প্রতীয়মান হয়নি।