শিরোনাম

ঢাকা, ২৮ মে, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্মেনিয়ার আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও প্রার্থী নিকোল পাশিনিয়ানকে সমর্থন জানিয়েছেন। জনমত জরিপ অনুযায়ী এই নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আগামী ৭ জুনের পার্লামেন্ট নির্বাচনকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান-এর জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কারণ এই নির্বাচন তার সেই নীতির ওপর জনগণের মতামত যাচাই করবে। যেখানে তিনি আর্মেনিয়ার রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করছেন।
দক্ষিণ ককেশাস অঞ্চলটি এখনো ২০২৩ সালে আজারবাইজানের সামরিক অভিযানের পর কারাবাখ অঞ্চল দখল এবং সেখানে বসবাসকারী প্রায় ১ লাখ জাতিগত আর্মেনিয়ানের ব্যাপক বাস্তুচ্যুতির প্রভাব কাটিয়ে উঠতে পারেনি।
মার্কিন মধ্যস্থতায় একটি শান্তি চুক্তির অংশ হিসেবে আর্মেনিয়া তার ভূখ-ের মধ্য দিয়ে একটি ট্রানজিট করিডোর স্থাপন করতে সম্মত হয়েছে, যা আজারবাইজানকে তার নাখচিভান ছিটমহলের সাথে সংযুক্ত করবে। এই করিডোরকে ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি (ট্রিপ) নামে উল্লেখ করা হচ্ছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘শিগগিরই যুক্তরাষ্ট্র ও আর্মেনিয়া একসঙ্গে এই প্রকল্পের ভিত্তি স্থাপন করবে,’ যা দক্ষিণ ককেশাস অঞ্চলে বড় পরিবর্তন আনবে এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানিগুলোকে মধ্য এশিয়া থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত প্রবেশের সুযোগ দেবে।
তিনি পাশিনিয়ানকে ‘একজন ভালো বন্ধু ও নেতা’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, তিনি তার দেশকে ‘শক্তিশালী, ধনী এবং আরও নিরাপদ’ করছেন।
ট্রাম্প আরও লেখেন, ‘নিকোল সম্পূর্ণভাবে আমার শান্তি ও সমৃদ্ধির দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত।’
তিনি ঘোষণা করেন, ‘এই কারণে, আমি ৭ জুন ২০২৬ সালের নির্বাচনে নিকোল পাশিনিয়ানকে সম্পূর্ণ ও সর্বাত্মক সমর্থন দিচ্ছি।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর কয়েকদিনের ভারত সফর শেষে আর্মেনিয়া সফরের একদিন পর এই সমর্থনটি আসে।
ট্রাম্প আরও দাবি করেন, রুবিও দুই দেশের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি এগিয়ে নিয়েছেন।