বাসস
  ২৪ মে ২০২৬, ১৬:৫৮

ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে বিস্ফোরণের ঝুঁকিতে রাসায়নিক ট্যাংক

ঢাকা, ২৪ মে, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিষাক্ত রাসায়নিক ভর্তি একটি ট্যাংকের তাপমাত্রা বেড়ে চলেছে বলে সতর্ক করেছেন অগ্নিনির্বাপণ কর্মীরা। এতে ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা বেড়েছে। 

এরই মধ্যে কয়েক হাজার মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বে অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ এলাকায় শুক্রবার প্রায় ৪০ হাজার বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়। 

ট্যাংকটি থেকে রাসায়নিক লিক হয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ার পর, এ নির্দেশ দেওয়া হয়।

লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্যাংকটিতে ৭ হাজার গ্যালন বা প্রায় ২৬ হাজার লিটার মিথাইল মেথাক্রাইলেট রয়েছে। এটি প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত অত্যন্ত দাহ্য ও অস্থিতিশীল তরল রাসায়নিক। 

অগ্নিনির্বাপণ কর্মীরা পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন।

অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির ইনসিডেন্ট কমান্ডার ক্রেইগ কোভে শনিবার সকালে জানান, জরুরি সেবা দলের সদস্যরা রাতে ঘটনাস্থলে কাজ করেছেন। 

৭ হাজার গ্যালনের ট্যাংকটি বিস্ফোরিত হলে পাশের আরও ১৫ হাজার গ্যালনের একটি ট্যাংক থেকেও বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে। সেটি নিষ্ক্রিয় করার চেষ্টা চালানো হয়। 

এ সময় তারা ৭ হাজার গ্যালনের ট্যাংকটির তাপমাত্রাও পরীক্ষা করেন।

কোভে জানান, দমকল কর্মীরা ট্যাংকটি ঠান্ডা করার উপায় খুঁজছেন। 

শুক্রবার স্থানীয় টেলিভিশনের ধারণ করা আকাশপথের ভিডিওতে ট্যাংকের ওপর পানি ছিটাতে দেখা গেছে। ট্যাংকটির ধারণক্ষমতা ৩৪ হাজার গ্যালন।