বাসস
  ২৪ মে ২০২৬, ১৩:৩১

ইসরাইলি হামলায় নাবাতিয়েহর সিভিল ডিফেন্স স্থাপনা ধ্বংসের দাবি লেবাননের

ঢাকা, ২৪ মে, ২০২৬ (বাসস) : লেবাননের সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহতে তাদের আঞ্চলিক স্থাপনা রোববার ভোরে ইসরাইলি হামলায় ধ্বংস হয়েছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সিভিল ডিফেন্সের মহাপরিদপ্তর এক বিবৃতিতে জানায়, ‘শত্রু ইসরাইলি বাহিনীর সরাসরি হামলায়’ ভবনটি ধসে পড়ে। এতে বিপুল পরিমাণ যানবাহন ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে হামলায় তাদের কোনো সদস্য হতাহত হননি। ঘটনার আগেই কর্মীদের অন্য একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানানো হয়।

মানবিক ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত একটি কেন্দ্রের ওপর হামলার নিন্দা জানিয়েছে সংস্থাটি। তারা বলেছে, চলমান পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনায় ক্রমবর্ধমান ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলের দাবি, তারা ইরান-সমর্থিত হিজবুল্লাহ-কে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ বৃহত্তর আঞ্চলিক সংঘাতে দেশটি জড়িয়ে পড়ার পর থেকে ইসরাইলি হামলায় ১২৩ জন উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা শুরু করলে সংঘাতের বিস্তার ঘটে।