বাসস
  ২৩ মে ২০২৬, ২০:০৯

ইরান যুদ্ধের ছায়ায় চীন সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ঢাকা, ২৩ মে, ২০২৬ (বাসস): শনিবার চীন সফরে পৌঁছেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, চারদিনের এই সফরটি ইরান যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া আঞ্চলিক উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে।

বেইজিং থেকে এএফপি জানায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও নিশ্চিত করেনি যে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সফরের আলোচ্যসূচিতে থাকবে কি না। তবে ইসলামাবাদ ও বেইজিং উভয়ই ইতোমধ্যে এই সংকটে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দফায় দফায় আলোচনা চললেও এখনো স্থায়ী কোনো সমঝোতা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনাকে ‘চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি কিন্তু ঝুঁকিপূর্ণ পর্যায়ে’ বলে বর্ণনা করেছেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শাহবাজ শরিফ ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে পৌঁছে সফর শুরু করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, দুই দেশের মধ্যে ‘সাধারণ উদ্বেগের বিষয়গুলো’ নিয়ে আলোচনা হবে।

তিনি আরও জানান, চীন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের ভূমিকা সমর্থন করে এবং এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখবে।

পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং সম্প্রতি দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করেছিল, যা কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফরের জন্য নির্ধারিত ছিলেন বলে জানা গেছে।

চীন এই সংকটে তুলনামূলক নীরব ভূমিকা পালন করলেও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনায় সহায়তা করছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে মধ্যপ্রাচ্যে মধ্যস্থতার ভূমিকা আরও জোরদারের আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধকে ঘিরে চীন, পাকিস্তান ও অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো কূটনৈতিকভাবে নতুনভাবে সক্রিয় হয়ে উঠছে।