শিরোনাম

ঢাকা, ২২ মে, ২০২৬ (বাসস) : রাশিয়ার নিয়ন্ত্রণাধীন লুহানস্ক অঞ্চলের একটি কলেজে শুক্রবার ভোরে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
লুহানস্ক ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত হলেও এর প্রায় পুরো অংশই বর্তমানে রাশিয়ার দখলে। মস্কো অঞ্চলটিকে নিজেদের অংশ বলে দাবি করে।
অঞ্চলটির রাশিয়াপন্থী প্রসিকিউটর দপ্তর প্রকাশিত এক ছবিতে স্টারোবিলস্ক শহরের একটি স্কুলসদৃশ ভবন দেখা যায়। হামলায় ভবনটির জানালাগুলো উড়ে গেছে ও একটি জানালায় আগুন জ্বলতে দেখা যায়।
এ ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাশিয়ার দেওয়া নাম ব্যবহার করে অঞ্চলটির রুশ-নিয়োজিত গভর্নর লিওনিদ পাসেচনিক রাশিয়ার ম্যাক্স মেসেঞ্জারে দেওয়া এক পোস্টে বলেন, ‘শত্রুপক্ষের ড্রোন স্টারোবেলস্ক প্রফেশনাল কলেজের একাডেমিক ভবন ও ছাত্রাবাসে হামলা চালিয়েছে।’
তিনি বলেন, ‘হামলার সময় সেখানে ১৪ থেকে ১৮ বছর বয়সী ৮৬ জন শিশু ছিল। তাদের মধ্যে ৩৫ জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছে।’
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, ধ্বংসস্তূপ থেকে অন্তত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও হতাহতের সন্ধানে তল্লাশি চলছে।
গুরুতর অপরাধ তদন্তকারী রাশিয়ার তদন্ত কমিটি অভিযোগ করেছে, ভবনটিতে ইউক্রেন চারটি ড্রোন হামলা চালিয়েছে।
তদন্ত কমিটি জানায়, ‘হামলার ফলে পাঁচতলা ভবনটির দ্বিতীয় তলা পর্যন্ত ধসে পড়েছে।’
স্টারোবিলস্ক শহরটি পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। ২০২২ সালে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পরপরই শহরটি দখল করে নেয় রুশ বাহিনী।
ইউক্রেন বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। নিজেদের ভূখ-ে রুশ বাহিনীর ব্যাপক হামলার জবাবে ইউক্রেন প্রায়ই রুশ-নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন হামলা চালায়।