বাসস
  ২২ মে ২০২৬, ১২:২৯

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় আশাবাদী যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২২ মে, ২০২৬ (বাসস) : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার প্রচেষ্টায় পাকিস্তানের মধ্যস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি বলেন, যুদ্ধ বন্ধে পাকিস্তানের উদ্যোগ আলোচনা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কয়েক সপ্তাহ ধরে চলা দফায় দফায় আলোচনা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে পরিস্থিতি একদিকে সমঝোতার কাছাকাছি, অন্যদিকে নতুন করে হামলা শুরুর ঝুঁকিও রয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের মার্কো রুবিও বলেন, ‘আমার বিশ্বাস, পাকিস্তানের প্রতিনিধিরা আজ তেহরান সফরে যাচ্ছেন। আশা করি, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আলোচনা আরও এগোবে।’

গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাধ্যমে কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধ সাময়িকভাবে থেমে আছে। তবে স্থায়ী সমাধানে পৌঁছাতে এখন পর্যন্ত সব আলোচনা ব্যর্থ হয়েছে। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক মুখোমুখি বৈঠকও কোনো স্থায়ী সমঝোতা আনতে পারেনি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, যাকে দেশটির প্রভাবশালী সেনাপ্রধান আসিম মুনিরের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয়, তিনি বুধবার এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরান সফর করেছেন।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএসহ দেশটির গণমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আসিম মুনির নিজেও বৃহস্পতিবারের মধ্যে তেহরান সফর করতে পারেন। তবে এ বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে চীন জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার বেইজিং সফর করবেন। যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টায় চীনও সক্রিয় ভূমিকা পালন করছে।