বাসস
  ২০ মে ২০২৬, ১৪:৩১

ভারত বোয়িং ৭৮৭-এর ফুয়েল সুইচ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে 

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : প্রাথমিক পরীক্ষায় কোনো ত্রুটি না মিললেও বোয়িং ৭৮৭ উড়োজাহাজের একটি ফুয়েল কন্ট্রোল সুইচ আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হবে বলে জানিয়েছে ভারতের সরকার|

গত ২ ফেব্রুয়ারি লন্ডনের হিথ্রো থেকে ব্যাঙ্গালুরুগামী একটি ফ্লাইট উড্ডয়নের আগে এয়ার ইন্ডিয়া একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান স্থগিত করে|  

এক পাইলট ফুয়েল কন্ট্রোল সুইচে সম্ভাব্য ত্রুটির কথা জানানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়|

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে|

পাইলটের প্রতিবেদনের বরাতে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, ফুয়েল কন্ট্রোল সুইচটি সামান্য চাপ দিলেই ‘রান’ থেকে ‘কাটঅফ’-এ সরে যাচ্ছিল এবং নির্ধারিত অবস্থানে ঠিকভাবে স্থির থাকছিল না|

প্রতিবেদনের পর এয়ার ইন্ডিয়া বিমানটি ও তাদের পুরো বোয়িং ৭৮৭ বহরে বোয়িং কোম্পানির সুপারিশ অনুযায়ী পরীক্ষা চালায়|

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘পরিদর্শনের ফলাফল ও সরবরাহ করা তথ্য পর্যালোচনার পর ওইএম (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) সিদ্ধান্তে পৌঁছেছে যে ফুয়েল কন্ট্রোল সুইচটি যান্ত্রিকভাবে নকশা অনুযায়ী কাজ করছে এবং এটি ব্যবহারের উপযোগী|’

এতে আরও বলা হয়, ‘সংশ্লিষ্ট ফুয়েল কন্ট্রোল সুইচের ধারাবাহিক উড্ডয়ন সক্ষমতা নিশ্চিত করতে, ডিজিসিএ ইন্ডিয়া ওইইএম-এর স্থাপনায় ডিজিসিএ কর্মকর্তাদের উপস্থিতিতে এটি পরীক্ষার নির্দেশ দিয়েছে|’

এই পরীক্ষা এমন এক সময় হচ্ছে, যখন ২০২৫ সালের ১২ জুন এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ২৬০ জনের মৃত্যুর ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষা চলছে|

আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা অনুযায়ী, ভারতের এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) দুর্ঘটনার এক মাস পর, গত ১২ জুলাই একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে| 

পশ্চিম ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিস্ফোরিত হয়েছিল|

১৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, বিষ্ফোরণের ঠিক আগে বিমানটির ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল| এতে পাইলটের ত্রুটি থাকা নিয়ে প্রশ্ন ওঠে|

তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি, ফুয়েল সুইচ বন্ধ হয়ে যাওয়ার কারণ পাইলটের কোনো পদক্ষেপ, না কি কোনো যান্ত্রিক ত্রুটি|