বাসস
  ২০ মে ২০২৬, ১১:২৫

ইরানের কারাগার থেকে মুক্তি পেল মার্কিন নাগরিক 

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এক ইরানি নাগরিক ইরানের কারাগার থেকে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘ইরানের কারাগারে আটক থাকা শাহাব দালিলির নিরাপদে প্রত্যাবর্তনকে পররাষ্ট্র দপ্তর সানন্দে স্বাগত জানাচ্ছে।’

তিনি বলেন, ‘ইরানের উচিত অবিলম্বে অন্যায়ভাবে আটক সব ব্যক্তিকে মুক্তি দেওয়া।’

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে অন্যায়ভাবে আটক সকল আমেরিকানের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে। যার প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ব্যাপক প্রভাব ফেলেছে এবং জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। 

এই সংঘাতের অবসান ঘটানোর জন্য একটি শান্তি চুক্তির বিষয়ে আলোচনা কয়েক সপ্তাহ ধরে চলছে। 
তবে কোনো পক্ষই একে অপরের শান্তি প্রস্তাব গ্রহণ করেনি।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) মঙ্গলবার সকালে জানিয়েছে, ইরানি নাগরিক ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা শাহাব দালিলি ১০ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন। মুক্তির পর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। 

দালিলি  ইরানের এভিন কারাগারে বন্দী ছিলেন।

মানবাধিকার সংস্থাটি আরও জানায়, ‘শত্রু সরকারের সঙ্গে সহযোগিতার’ অভিযোগে দণ্ডিত ওই ব্যক্তি মুক্তির পর ইরান থেকে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে যান এবং পরে ওয়াশিংটনে ফিরে আসেন। 

তিনি আরও বলেন, এখানে তিনি এখন পরিবারের সঙ্গে নিরাপদে আছেন। 

তবে তিনি ঠিক কবে দেশে ফিরেছেন বা তিনি কবে ফিরবেন, সে ব্যাপারে সংস্থাটি সুনির্দিষ্টভাবে কিছু  উল্লেখ করেনি।

দালিলি ২০১৬ সালে পিতার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ইরান সফরকালে আটক হন। 

তিনি যে অভিযোগে আটক ছিলেন, তা তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।