শিরোনাম

ঢাকা, ১৯ মে, ২০২৬ (বাসস) : ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের সময় মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ক্ষতিগ্রস্ত কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাজার মঙ্গলবার দুই দিনের পোল্যান্ড সফর শুরু করছেন।
বুধবার সন্ধ্যায় তার অস্ট্রিয়ায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে এটিই মাজারের প্রথম সরকারি সফর।
বিশ্লেষকদের মতে, পোল্যান্ডকে প্রথম সফরের গন্তব্য হিসেবে বেছে নিয়ে তিনি একদিকে ভিক্টর অরবানের যুগ থেকে বেরিয়ে আসার বার্তা দিচ্ছেন, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে প্রভাবশালী একটি মধ্য ইউরোপীয় জোট গঠনের চেষ্টা করছেন।
বুদাপেস্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্লেষক পিওতর বুরাস এএফপিকে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পোল্যান্ড ‘নর্ডিক ও বাল্টিক সহযোগিতা’র দিকে বেশি গুরুত্ব দিয়েছে।
তবে মাজার চান, পোল্যান্ড আবারও মধ্য ইউরোপের দিকে নজর দিক।
চলতি মাসের শুরুতে তিনি ভিশেগ্রাদ গ্রুপের সঙ্গে অস্টারলিটজ ফরম্যাট একীভূত করার প্রস্তাব দেন। ভিশেগ্রাদ গ্রুপে রয়েছেÑ হাঙ্গেরি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া আর অস্টারলিটজ ফরম্যাটে রয়েছে চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও অস্ট্রিয়া।
মাজার বলেন, ‘আমি মনে করি এটি প্রতিটি দেশের স্বার্থেই হবে।’
তিনি বলেন, এ ধরণের জোট ইউরোপীয় ইউনিয়নের সংহতি তহবিল বণ্টন নীতিতে আরও বড় প্রভাব ফেলতে পারে।
গত সপ্তাহে তিনি বলেন, ‘মধ্য ইউরোপের জনগণ আলাদা থাকার চেয়ে একসঙ্গে থাকলে আরও শক্তিশালী হয়।’
পোল্যান্ডে তার সফরকে ‘নতুন যুগের’ সূচনা হিসেবে দেখা হচ্ছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ইগনাসি নিয়েমচিকি আরও ‘বিশ্বস্ত’ সহযোগিতার আশা প্রকাশ করেছেন।
মাজারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছয় জন মন্ত্রী। তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবানও রয়েছেন।
তিনি পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কি ও প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে বৈঠক করবেন।
এমসিসি ইনস্টিটিউটের রাজনৈতিক বিশ্লেষক পিটার ডব্রোভিয়েস্কি এটিভি চ্যানেলকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন ও স্থগিত তহবিল ধাপে ধাপে ছাড় করানোর ক্ষেত্রে টাস্কের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চান মাজার।
এ সপ্তাহে ইউরোপীয় কমিশনের একটি প্রতিনিধি দল বুদাপেস্ট সফরে আসছে। আগামী সপ্তাহে ব্রাসেলস সফরের সময় অরবান সরকারের আইনের শাসন লঙ্ঘনের অভিযোগে স্থগিত হওয়া বিলিয়ন বিলিয়ন ইউরো ফেরত পাওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে চান মাজার।
ওয়ারশ যাওয়ার পথে মাজার ক্রাকোভে যাত্রাবিরতি করবেন। সেখানে তিনি নতুন আর্চবিশপ গ্রেজেগর্জ রিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে গদানস্কে পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরস্কারজয়ী লেখ ভাওয়েসার সঙ্গে বৈঠক করবেন।
সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে পোল্যান্ডের আন্দোলনের অন্যতম প্রতীক ছিলেন ভাওয়েসা।
মাজার বলেন, ‘ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কারণে হাঙ্গেরি ও অস্ট্রিয়ার সম্পর্ক আরও জোরদার করতে চাই।’
অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের সময় থেকেই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
জার্মানির পর হাঙ্গেরিতে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশ অস্ট্রিয়া।
দেশটির বিনিয়োগের পরিমাণ ১১ বিলিয়ন ইউরোর বেশি।
দীর্ঘদিন ধরে হাঙ্গেরি ও এ অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চাওয়া ভিয়েনা এবার হয়তো নিজেদের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের নতুন সুযোগ দেখতে পাচ্ছে।