বাসস
  ১৯ মে ২০২৬, ১১:৩০

ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোয় মসজিদে বন্দুক হামলা, ২ হামলাকারীসহ নিহত ৫

ঢাকা, ১৯ মে, ২০২৬ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় শহর সান ডিয়েগোর একটি মসজিদ কমপ্লেক্সে সোমবার বন্দুক হামলায় দুই সন্দেহভাজন হামলাকারী কিশোরসহ মোট পাঁচ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী দুই কিশোরকে একটি গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সান ডিয়েগোর সুবিশাল ইসলামিক সেন্টারের বাইরে জরুরি সেবা দলের সদস্যরা প্রথমে নিহতদের খুঁজে পান। পরে ১৮ ও ১৭ বছর বয়সী দুই হামলাকারীকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা আত্মহত্যা করেছে।

হেলিকপ্টার থেকে ধারণ করা টেলিভিশনের ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলের বাইরে সশস্ত্র পুলিশ ও জরুরি বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সেখানে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা এটিকে একটি বিদ্বেষমূলক অপরাধ হিসেবে গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এর সাথে অবশ্যই বিদ্বেষমূলক বক্তব্য জড়িত ছিল বলে মনে হচ্ছে।’

ইসলামিক সেন্টারটি তার ওয়েবসাইটে নিজেদেরকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সান ডিয়েগো কাউন্টির বড় মসজিদ হিসেবে পরিচয় দিয়ে আসছে।

ঘটনার পর কিছু সময়ের জন্য আশপাশের এলাকায় লকডাউন জারি করা হয় এবং বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে বলা হয়। 

পুলিশ পরে জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং আর কোনো হুমকি নেই।
 
ওয়াল বলেন, ‘আমরা ইসলামিক সেন্টারে একজন সক্রিয় বন্দুকধারীর উপস্থিতির খবর পাই। মাত্র চার মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে মসজিদের সামনে তিন জনকে মৃত অবস্থায় দেখা যায়।

তিনি আরও জানান, পুলিশ দ্রুত মসজিদ ও পাশের স্কুলে সক্রিয় বন্দুকধারী পরিস্থিতি মোকাবিলায় অভিযান শুরু করে। এ সময় কাছাকাছি এলাকায় আরও গুলির খবর আসে। সেখানে একজন ল্যান্ডস্কেপ বা বাগান পরিচর্যাকর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হলেও তিনি গুলিবিদ্ধ হননি।