শিরোনাম

ঢাকা, ১৮ মে, ২০২৬ (বাসস) : ইউক্রেনে রাতভর রাশিয়ার কয়েক শত ড্রোন ও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
ইউক্রেনের কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন।
দূরপাল্লার প্রাণঘাতী হামলা বাড়ানোর মধ্যে কিয়েভ ও মস্কোর মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চার বছরের বেশি সময় আগে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়া দেশটির বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে।
তবে সাম্প্রতিক এই হামলার আগে উভয় পক্ষই কয়েক মাসের মধ্যে পরস্পরের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলা চালায়।
রাশিয়া ইউক্রেনের রাজধানীর দক্ষিণে শিল্পনগরী দনিপ্রোকে লক্ষ্য করে হামলা চালায়।
অঞ্চলটির প্রধান ওলেক্সান্দর গানঝা বলেন, ‘এই হামলায় ২৬ জন আহত হয়েছেন। শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র, ড্রোন, গোলন্দাজ হামলা ও আকাশ থেকে নিক্ষিপ্ত বোমা দিয়ে অঞ্চলের ছয়টি জেলায় হামলা চালিয়েছে।’
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রুশ বাহিনীর ছোড়া ৫৪৬টি ড্রোনের বেশিরভাগই তারা ভূপাতিত করেছে। তবে ২২টি ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র চারটি প্রতিহত করা সম্ভব হয়েছে।
রুশ ড্রোন ভূপাতিত করতে ইউক্রেন অত্যাধুনিক ব্যবস্থা গড়ে তুলেছে। কিন্তু রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তারা এখনও সমস্যায় রয়েছে।
এ ছাড়া দক্ষিণাঞ্চলের ওদেসা, খেরসন ও জাপোরিঝঝিয়া শহরে রুশ হামলায় আরও পাঁচ জন আহত হয়েছে।