শিরোনাম

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার চীনা সমকক্ষ শি জিনপিং আজ বৃহস্পতিবার একটি ‘সফল’ বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ অবশ্যই ‘উন্মুক্ত রাখতে হবে’ মর্মে একমত পোষণ করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সাধারণত বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়।
হোয়াইট হাউসের এক বিবৃতির বরাতে ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ‘ অবাধ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত রাখতে হবে- এ বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।’
সামুদ্রিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, সমুদ্রপথে চীনের আমদানিকৃত অপরিশোধিত তেলের অর্ধেকেরও বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে এবং তা প্রধানত এই হরমুজ প্রণালী হয়েই পরিবাহিত হয়। ফলে এই জলপথে অচলাবস্থার কারণে চীন সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভবিষ্যতে হরমুজ প্রণালীর ওপর চীনের নির্ভরশীলতা কমাতে শি জিনপিং আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কেনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বেইজিংয়ের পক্ষ থেকে এই বৈঠকের যে আনুষ্ঠানিক বিবরণ দেওয়া হয়েছে, সেখানে এ ধরনের কোনো আগ্রহের কথা উল্লেখ করা হয়নি।
অন্যদিকে, বেইজিংয়ের দাবি করা স্বশাসিত দ্বীপ তাইওয়ান নিয়ে দুই নেতার মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা, হোয়াইট হাউসের বিবৃতিতে তার কোনো উল্লেখ ছিল না।
এর আগে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শি জিনপিং সতর্ক করে বলেছিলেন, তাইওয়ান ইস্যুটি সঠিকভাবে সমাধান করা না হলে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ‘সংঘাত; শুরু হতে পারে।