বাসস
  ১৩ মে ২০২৬, ১১:৪২

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা জোরদারে পাকিস্তানকে চীনের আহ্বান

ঢাকা, ১৩ মে, ২০২৬ (বাসস) : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি ‘যথাযথভাবে’ সমাধান করতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বুধবার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে এ বিষয়ে কথা বলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুধবার সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছানোর কথা রয়েছে।  তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। ইরানের সঙ্গে চীনের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে অত্যন্ত গভীর ও বহুমুখী পর্যায়ে রয়েছে।

সিনহুয়া জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানকে ‘মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করতে এবং হরমুজ প্রণালী খোলার জন্য সম্পর্কিত বিষয়গুলো যথাযথভাবে সমাধানে অবদান রাখতে’ আহ্বান জানিয়েছেন।

ওয়াং বলেন, ‘চীন পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে এবং এ বিষয়ে চীনও ভূমিকা রাখবে।’

উল্লেখ্য, পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। দুই দেশ যুদ্ধের পর শান্তি চুক্তি বিষয়ে আলোচনার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

এদিকে ইরানের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর ইরান সরকার তাদের প্রস্তাব সংশোধন বা পরিবর্তন করতে অস্বীকৃতি জানিয়েছে।