বাসস
  ১২ মে ২০২৬, ১৬:২৮

তাইওয়ান ইস্যু উপেক্ষা করে সি’র সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি এ সপ্তাহে বেইজিং সফরের সময় তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। 

তিনি ইঙ্গিত দিয়েছেন যে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো হওয়ায়, তাইওয়ানে দেশটির আগ্রাসন বা কোন সংঘাতের আশঙ্কা তিনি দেখছেন না।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের এই সফরে তার সঙ্গে শীর্ষ মার্কিন ব্যবসায়ী নেতারা থাকবেন, যাদের মধ্যে রয়েছেন তার এক সময়কার প্রতিদ্বন্দ্বী ইলন মাস্ক ও অ্যাপলের টিম কুক। সফরের মূল লক্ষ্য হবে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ক জোরদার করা।

চীন জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলা এই সফরের মাধ্যমে তারা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে আরও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার আশা করছে। এটি ২০১৭ সালের ট্রাম্পের সফরের পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর।

যুক্তরাষ্ট্র তাইওয়ানে অস্ত্র বিক্রি অব্যাহত রাখবে কি নাÑ এমন প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘আমি প্রেসিডেন্ট সি’র সঙ্গে এ বিষয়ে আলোচনা করব।’ 

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বেইজিংয়ের সঙ্গে বিরোধের একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট সি চান আমরা যেন এটি না করি। আমি বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলব। এটি অনেক বিষয়গুলোর একটি, যা নিয়ে আমরা আলোচনা করব।’