বাসস
  ১২ মে ২০২৬, ১৩:২৫

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর সাবেক নির্বাচনী ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ২০২২ সালের নির্বাচনী প্রচারণার সাবেক ব্যবস্থাপক রিকার্ডো রোয়ার বিরুদ্ধে সোমবার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন দেশটির প্রসিকিউটররা। 

অভিযোগে বলা হয়েছে, তিনি বামপন্থী এই নেতার নির্বাচনী প্রচারণায় আইনগত অর্থ ব্যয়ের সীমা অতিক্রম করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কলম্বিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির প্রধান ছিলেন রিকার্ডো রোয়া। তাকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির প্রধান পদ থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে। 

তিনি সোমবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

তদন্তকারীদের অভিযোগ, নির্বাচনী প্রচারণা পরিচালনার সময় তিনি অনুমোদিত ব্যয়ের সীমার চেয়ে প্রায় ৪ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার বেশি ব্যয় করেছেন।

এই অভিযোগটি প্রেসিডেন্ট পেত্রোর ২০২২ সালের নির্বাচনী প্রচারণা নিয়ে চলমান তদন্তের অংশ। 

কলম্বিয়ার ৩১ মে অনুষ্ঠেয় প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র তিন সপ্তাহেরও কম সময় আগে এই পদক্ষেপ নেওয়া হলো।

কলম্বিয়ার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পেত্রো দ্বিতীয় মেয়াদে প্রার্থী হতে পারবেন না।

এদিকে পেত্রোর বড় ছেলে নিকোলাস পেত্রোর বিরুদ্ধেও আলাদা একটি মামলা চলছে। তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের নির্বাচনী প্রচারণার সময় নিকোলাস পেত্রো তার বাবার প্রচারণার জন্য কাজ করতে গিয়ে একজন সাবেক মাদক চোরাকারবারীর কাছ থেকে অর্থ গ্রহণ করেছিলেন।