বাসস
  ১১ মে ২০২৬, ১৯:৫০

আত্মঘাতী হামলার পর আফগান কূটনীতিককে তলব পাকিস্তানের

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস) : সপ্তাহান্তে সংঘটিত প্রাণঘাতী আত্মঘাতী হামলার ঘটনায় আফগানিস্তানে অবস্থানরত সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ তুলে আফগানিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব করেছে পাকিস্তান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি চেকপোস্টে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে হামলা হয় এবং সশস্ত্র গোষ্ঠী পুলিশ সদস্যদের ওপর গুলিবর্ষণ করে। এতে অন্তত ১৫ জন নিহত হন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ইসলামাবাদ থেকে এএফপি জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আফগান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে জানানো হয়েছে যে, ‘ঘটনার বিস্তারিত তদন্ত, সংগৃহীত প্রমাণ ও কারিগরি গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলাটি আফগানিস্তানে অবস্থানরত সন্ত্রাসীদের দ্বারা পরিকল্পিত।’

আফগান সীমান্তের কাছাকাছি বান্নু অঞ্চলের একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলেন, হামলার সময় সশস্ত্ররা কোয়াডকপ্টার ও ভারী অস্ত্র ব্যবহার করেছিল।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এএফপিকে জানান, হামলায় ১০০ জনেরও বেশি সশস্ত্র ব্যক্তি অংশ নেয়।

ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস এক পোস্টে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

দূতাবাস বলেছে, ‘পাকিস্তানের জনগণ নিরাপত্তা, শান্তি এবং সন্ত্রাসী সহিংসতার বোঝা ছাড়া একটি ভবিষ্যৎ পাওয়ার যোগ্য।’

বান্নু অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়েছে।

আফগানিস্তানের তালেবান সরকার বারবার পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করেছে যে আফগান ভূখণ্ড সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

দুই প্রতিবেশী দেশের সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে মারাত্মকভাবে অবনতি হয়েছে এবং এতে সীমান্ত এলাকায় পারস্পরিক বিমান হামলার মতো সংঘাতও দেখা দিয়েছে।