বাসস
  ১১ মে ২০২৬, ১৩:৩৬

ইরানের কাছ থেকে ইউরেনিয়ামের মজুত সরাতে হবে : নেতানিয়াহু

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধ তখনই শেষ বলে বিবেচনা করা যাবে, যখন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ‘সরিয়ে ফেলা’ হবে। 

তিনি রোববার এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।

রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরান যুদ্ধ শেষ হয়নি। কারণ এখনো পারমাণবিক উপাদান সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা ইরান থেকে সরাতে হবে। সেখানে এখনও এমন সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে যেগুলো ধ্বংস করতে হবে।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউরেনিয়াম কীভাবে সরানো যেতে পারে— এমন প্রশ্ন করা হলে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ‘সেখানে ঢুকে সেটি সরিয়ে ফেলতে হবে।’

নেতানিয়াহু আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের অবস্থান পোষণ করেন।

তিনি বলেন, ‘আমি সামরিক উপায়ের কথা বলব না, তবে প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে বলেছেন, ‘‘আমি সেখানে ঢুকতে চাই।’’

তবে ট্রাম্পের প্রকাশ্য অবস্থানের সঙ্গে নেতানিয়াহুর বক্তব্যে কিছুটা পার্থক্য দেখা যায়। 

৭৯ বছর বয়সী মার্কিন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার জন্য অভ্যন্তরীণ চাপের মধ্যে রয়েছেন। 
তবে তিনি জোর দিয়ে বলছেন, ইরানের রাজধানী তেহরানের পারমাণবিক কর্মসূচি ইতোমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রোববার সম্প্রচারিত হলেও, আগেই রেকর্ড করা ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে ‘সামরিকভাবে পরাজিত করা হয়েছে’। 
তিনি জোর দিয়ে বলেন, প্রয়োজন হলে ইরান থেকে ইউরেনিয়াম ‘যে কোনো সময়’ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

ট্রাম্প আরও বলেন, কেউ সেখানে গেলে আমরা তা জানতে পারব এবং তাদের আমরা ধ্বংস করে দেব।’

ইউরেনিয়াম কীভাবে সরানো হবে— সিবিএসের এমন প্রশ্নে নেতানিয়াহু বলেন, একটি চুক্তির মাধ্যমে এটি করা উচিত বলে তিনি মনে করি।