বাসস
  ১০ মে ২০২৬, ১৬:৪০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়িবোমা হামলায় নিহত ১৫

ঢাকা, ১০ মে, ২০২৬ (বাসস) : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বান্নুর ফতেহ খেল এলাকায় গতরাতে একটি চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত ও  তিন জন আহত হয়েছে। 

রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বান্নু পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান এএফপিকে জানান, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে পুলিশ চেকপোস্টে আঘাত হানে। এরপর একাধিক জঙ্গি পোস্টে ঢুকে পড়ে।

পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তিনি বলেন, ১৫ জন পুলিশ সদস্যের মৃত্যু নিশ্চিত হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার ধারাবাহিকতায় এ হামলা ঘটে। 

এই হামলায় ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্কেও চাপ তৈরি হয়েছে।

কর্মকর্তারা জানান, গাড়িবোমা বিস্ফোরণের পর বন্দুকধারীরা চেকপোস্টে ঢুকে গুলি চালায়। হামলায় ছোট ড্রোনও ব্যবহার করা হয়।

বান্নুর এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হামলার সময় জঙ্গিরা ভারী অস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করেছে।’

তিনি জানান, শতাধিক জঙ্গি এ হামলায় অংশ নেয়।

তিনি আরও বলেন, ‘পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা অস্ত্রসহ পুলিশ সদস্যদের ধরে নিয়ে গেছে।’

সাম্প্রতিক বছরগুলোতে বান্নুতে জঙ্গি তৎপরতা বেড়েছে। পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে এ প্রবণতা আরও বিস্তৃত হয়েছে।

কাবুলের তালেবান সরকার পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে আসছে। 

তাদের দাবি, আফগান ভূখণ্ড জঙ্গিদের জন্য নিরাপদ আশ্রয় নয়। 

তবে দুই দেশের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়েছে। 

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে।