শিরোনাম

ঢাকা, ১০ মে, ২০২৬ (বাসস) : ব্রাজিলের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি শনিবার দেশটির সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর কারাদণ্ড কমাতে পারে, এমন একটি আইন কার্যকর হওয়া স্থগিত করেছেন।
আইনটির বিরুদ্ধে করা আইনি চ্যালেঞ্জ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটি কার্যকর হবে না বলে জানানো হয়েছে।
আদালতের নথি অনুযায়ী জানা গেছে, বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস নির্দেশ দিয়েছেন যে আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত এটি স্থগিত থাকবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এর আগে, গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযোগ ছিল, তিনি ২০২২ সালের নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পরও ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিলেন।
ডিসেম্বরে কংগ্রেসে পাস হওয়া এই আইনটি মূলত রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ সংসদের সমর্থনে গৃহীত হয় এবং পরে জানুয়ারিতে প্রেসিডেন্ট লুলা এটিতে ভেটো দেন।
তবে এপ্রিলের শেষ দিকে বোলসোনারোর মিত্রদের নেতৃত্বে আইনপ্রণেতারা সেই ভেটো বাতিল করেন এবং শুক্রবার এটি কার্যকর হয়।
নতুন এই আইনটি শুধু বলসোনারো নয়, অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে দণ্ডিত অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। এর ফলে সাজা কমানোর আবেদন প্রক্রিয়া দ্রুত করা সম্ভব হতো এবং অনেকের ক্ষেত্রে কারাদণ্ড উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারত।
তবে প্রতিটি দণ্ডিত ব্যক্তির আইনজীবীদের আলাদাভাবে সুপ্রিম কোর্টে আবেদন করে, সাজা পুনর্মূল্যায়নের অনুরোধ করতে হবে।
আদালতের শনিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বামপন্থী দলগুলোর আবেদন বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি সাংবিধানিক কি না, তা নির্ধারণ না করা পর্যন্ত এই প্রক্রিয়া অকার্যকর থাকবে।
এই আইনটি ২০২৩ সালের ৮ জানুয়ারির দাঙ্গায় অংশগ্রহণকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়ার কথা ছিল। ওই সময় বোলসোনারো সমর্থকরা রাজধানী ব্রাসিলিয়ায় সরকারি ভবনগুলোতে হামলা ও ভাঙচুর চালিয়েছিল, যা আদালতের মতে অভ্যুত্থান ষড়যন্ত্রের অংশ ছিল বলে মনে করছে।
৭১ বছর বয়সী বলসোনারো বর্তমানে স্বাস্থ্যগত কারণে গৃহবন্দি অবস্থায় আছেন।
শুক্রবার তার আইনজীবীরা আবারও আপিল করে আদালতের কাছে দণ্ড বাতিলের আবেদন জানান এবং এটিকে তারা ‘ন্যায়বিচারের গুরুতর ত্রুটি’ বলে উল্লেখ করেন।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা বলসোনারোকে নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি তার বড় ছেলে ফ্লাভিও বলসোনারোকে রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছেন। ফ্লাভিও আগামী অক্টোবরের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুলার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে।