শিরোনাম

ঢাকা, ৮ মে, ২০২৬ (বাসস) : চীনের সঙ্গে চলমান উত্তেজনা কিছুটা কমে এসেছে বলে জানিয়েছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
এর আগে এক উত্তপ্ত পরিস্থিতিতে বেইজিংয়ের বিরুদ্ধে পানামার পতাকাবাহী জাহাজ চীনের বন্দরে আটকে রাখার অভিযোগ করা হয়েছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশই একে অপরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ পানামা খাল নিয়ন্ত্রণের চেষ্টা করার অভিযোগ করে আসছে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা এই পানামা খাল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য রুট হিসেবে পরিচিত।
গত জানুয়ারিতে পানামার সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্তের পর সরকার পানামা খালের দুটি বন্দরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। এর আগে এই দুটি বন্দর হংকং-ভিত্তিক একটি কোম্পানি পরিচালনা করত।
এরপর প্রেসিডেন্ট মুলিনো অভিযোগ করেন, চীনের বন্দরে পানামার পতাকাবাহী জাহাজ আটকে রাখার ঘটনা ‘অনেক বেড়ে গেছে’। তিনি বিষয়টিকে আদালতের সিদ্ধান্তের প্রতিক্রিয়া বা পাল্টা ব্যবস্থা হিসেবে বর্ণনা করেন।
তবে বৃহস্পতিবার তিনি জানান, বর্তমানে চীনের বন্দরে আটক জাহাজের সংখ্যা কিছুটা কমেছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘চীনের সঙ্গে দ্রুত বেড়ে যাওয়া উত্তেজনা, এখন আলোচনার মাধ্যমে ধীরে ধীরে কমতে শুরু করেছে।’
মুলিনো আরও বলেন, চীন সরকারের পক্ষ থেকে আইনগত সমাধানের জন্য বার্তা পাঠানোকে তিনি একটি ‘বড় অগ্রগতি’ হিসেবে দেখছেন।
তিনি বলেন, বন্দরে জাহাজ আটকে রাখার মাধ্যমে এ ধরনের বিরোধ সমাধান করা উচিত নয়।