শিরোনাম

ঢাকা, ৫ মে, ২০২৬ (বাসস) : হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পর্যালোচনা করবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
একটি দক্ষিণ কোরীয় জাহাজে ইরানের কথিত হামলার পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিউলকে এই অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান।
সোমবার গুরুত্বপূর্ণ এই জলপথে একটি দক্ষিণ কোরীয় কার্গো জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে প্রণালীটি কার্যত অবরুদ্ধ রয়েছে। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, ক্ষতিগ্রস্ত এইচএমএম নামু জাহাজে থাকা ২৪ জন নাবিকই নিরাপদে আছেন। তাদের মধ্যে ছয় জন দক্ষিণ কোরিয়ার নাগরিক।
ট্রাম্প বলেন, এ ঘটনার পর সিউলের উচিত যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় যোগ দেওয়া। আটকে পড়া জাহাজগুলোকে প্রণালী পেরিয়ে নিরাপদে বের করে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি আমদানির জন্য এই পথের ওপর দক্ষিণ কোরিয়া ব্যাপকভাবে নির্ভরশীল।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ‘সতর্কতার সঙ্গে নিজেদের অবস্থান পর্যালোচনা করবে।’
মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইন, বৈশ্বিক নৌপথের নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট ও কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
তারা আরও জানায়, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে সিউল।
জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এইচএমএম নামু প্রায় ১৮০ মিটার দীর্ঘ একটি কার্গো জাহাজ। এটি পানামার পতাকাবাহী।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, জাহাজে লাগা আগুন ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।’