শিরোনাম

ঢাকা, ২ মে, ২০২৬ (বাসস) : সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলীয় উপশহরে অবস্থিত পবিত্র সাইয়েদা জয়নব মাজারে শুক্রবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিয়া মুসলিম ইমাম নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানায়, ‘সাইয়েদা জয়নব মাজার এলাকায় বোমা বিস্ফোরণে ইমাম ফারহান হাসান আল-মানসুর নিহত হয়েছেন। নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে।’
সিরিয়ার শিয়া সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বিবৃতিতে জানায়, বিস্ফোরক দিয়ে মানসুরের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মাজার থেকে বেরিয়ে আসার পরই এই বিস্ফোরণ ঘটে।
সংস্থাটি এটিকে 'হত্যাকাণ্ড' বলে আখ্যা দিয়েছে, তবে হামলার পেছনে কারা দায়ী তা উল্লেখ করেনি।
সুন্নি সংখ্যাগরিষ্ঠ সিরিয়ায় শিয়া মুসলিমদের সংখ্যা আনুমানিক ৩ লাখ। তারা মূলত দামেস্ক, হোমস, আলেপ্পো ও ইদলিব প্রদেশে বসবাস করে।