বাসস
  ০১ মে ২০২৬, ১১:৪১

ইউক্রেনের ড্রোন হামলায় দুই কিশোর নিহত: রাশিয়া

ঢাকা, ১ মে, ২০২৬ (বাসস): রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলায় মোটরসাইকেলে থাকা দুই কিশোর নিহত হয়েছে। স্থানীয় গভর্নর শুক্রবার ভোরে এ তথ্য জানিয়েছেন।

বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ টেলিগ্রামে জানান, ভলচিয়া আলেক্সান্দ্রভকা গ্রামে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি ড্রোন মোটরসাইকেলে থাকা দুই তরুণকে লক্ষ্য করে হামলা চালায়। নিহতদের বয়স ছিল ১৮ ও ১৫ বছর।

তিনি বলেন, হামলায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মস্কো থেকে এএফপি এ খবর জানায়।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে সীমান্তবর্তী এলাকাসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে নিয়মিত হামলা চলছে। এতে গুরুত্বপূর্ণ অবকাঠামোও লক্ষ্যবস্তু হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিই সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ।

কিয়েভের দাবি, পাল্টা ড্রোন হামলাগুলো মূলত রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হচ্ছে। তবে মস্কো বরাবরই অভিযোগ করে আসছে, এসব হামলায় বেসামরিক লোকজনও নিহত হচ্ছেন।

রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা আলোচনা মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে স্থবির হয়ে আছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মধ্য দিয়ে ওই যুদ্ধ শুরু হয়।