বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১৯:৫৮

ওপেক ও ওপেক প্লাস ছাড়ছে আমিরাত

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকার মধ্যেই সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার ঘোষণা দিয়েছে যে তারা ‘জাতীয় স্বার্থে’ মনোযোগ দিতে ওপেক ও ওপেক প্লাস জোট থেকে সরে যাচ্ছে।

বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ আমিরাত অতীতেও ওপেকের উৎপাদন কোটা নিয়ে আপত্তি জানিয়েছিল। দেশটি আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে জোট ছাড়বে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

দুবাই থেকে এএফপি জানায়, বিবৃতিতে বলা হয়, ‘এই সিদ্ধান্ত আমিরাতের দীর্ঘমেয়াদি কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তিত জ্বালানি নীতির প্রতিফলন।’

এতে আরও বলা হয়, ‘সংগঠনে থাকার সময়ে আমরা সবার স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখেছি এবং আরও বড় ত্যাগ স্বীকার করেছি। তবে এখন আমাদের জাতীয় স্বার্থ যা নির্দেশ করে, সেদিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে।’

বর্তমানে ইরানের হরমুজ প্রণালী অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলের তেল পরিবহন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আমিরাত উপকূলঘেঁষা এই নৌপথ দিয়ে সাধারণত বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত আমিরাতের সঙ্গে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব-এর সম্পর্কেও সাম্প্রতিক সময়ে টানাপোড়েন দেখা দিয়েছে। ওপেকের ভেতরে সৌদি আরবকে সবচেয়ে প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচনা করা হয়।