বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১৯:৫৩

ইরান যুদ্ধের প্রভাব নিয়ে সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা করতে মঙ্গলবার উপসাগরীয় অঞ্চলের নেতারা ও কর্মকর্তারা সৌদি আরবে এক বৈঠকে মিলিত হয়েছেন।

উপকূলীয় শহর জেদ্দায় অনুষ্ঠিত এ বৈঠক এমন সময়ে হচ্ছে, যখন দুই মাস ধরে চলা সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব পর্যালোচনা করছে হোয়াইট হাউস।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। তবে সংঘাতের কারণে এ নৌপথে বাণিজ্যিক চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

রিয়াদ থেকে এএফপি জানায়, সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, জেদ্দায় পৌঁছানোর পর উপসাগরীয় অঞ্চলের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি প্রেস এজেন্সি জানায়, ‘শীর্ষ সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন এবং সেগুলোর মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে।’

সরকারঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সম্মেলনে ‘অঞ্চলের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে আলোচনা করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা শুরুর পর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে অঞ্চলজুড়ে বড় বড় জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।