শিরোনাম

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইউক্রেনের ড্রোন হামলায় মঙ্গলবার রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে তিন জন নিহত হয়েছে। একই দিনে রাশিয়ার হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলে একজন নিহত হয়।
দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রধান ওলেক্সান্দর হানঝা সামাজিক মাধ্যমে জানান, রাশিয়ার হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহ-এ ৪০ বছর বয়সী একজন নিহত হয়েছেন ও আরও পাঁচ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ইউক্রেনের হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি বড় তেল শোধনাগারেও আগুন লাগে। এতে জরুরি অবস্থা জারি করা হয়। উপকূলীয় শহর তুয়াপসে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ড্রোন হামলায় তিন জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’
তিনি আরও বলেন, এই হামলায় আরও তিন জন আহত হয়েছেন।
আঞ্চলিক গভর্নর জানান, ড্রোনগুলো একটি গাড়িতে আঘাত করে, এতে একজন নিহত হন। অন্য একটি এলাকায় একটি যানবাহনে হামলায় এক পুরুষ ও এক নারী নিহত হন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া নিয়মিত দেশটিতে বোমা হামলা চালিয়ে আসছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।
কিয়েভ বলছে, তাদের হামলার লক্ষ্য, মূলত রাশিয়ার জ্বালানি অবকাঠামো। মস্কোর সামরিক অর্থায়নের সক্ষমতা কমানোই এর উদ্দেশ্য।
রাশিয়ার দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগর উপকূলে অবস্থিত তুয়াপসে তেল টার্মিনালে সম্প্রতি একাধিকবার হামলা হয়েছে।
গত সপ্তাহে, ইউক্রেনের ড্রোন হামলার পর সেখানে কয়েক দিন ধরে আগুন জ্বলতে থাকে। যার ফলে এক ধরণের পদার্থ ছড়ায়। স্থানীয়দের ভাষায় আকাশ থেকে ‘তেল বৃষ্টি’ পড়তে শুরু করে।
এই বৃষ্টির পর রাস্তা, পশু ও যানবাহনের ওপর ঘন কালো দাগ দেখা যাওয়ায়, বাসিন্দাদের বাইরে চলাচল সীমিত রাখতে ও জানালা বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।