শিরোনাম

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : দক্ষিণ সুদানের রাজধানী জুবার কাছে সোমবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ যাত্রী ও পাইলটসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও দারিদ্র্যের পাশাপাশি দেশটিতে নির্ভরযোগ্য পরিবহন অবকাঠামোরও অভাব রয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাই ও খারাপ আবহাওয়ার কারণে সেখানে প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটে।
জুবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
দক্ষিণ সুদানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সেসনা মডেলের বিমানটি গ্রিনিচ মান সময় ০৭১৫টায় জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
রাজধানী থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়। এতে কাউকে জীবিত উদ্ধার হয়নি।
প্রাথমিক প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে কম দৃশ্যমানতার কথা উল্লেখ করা হয়েছে।
মৃতদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক ও দুই জন কেনিয়ার নাগরিক ছিলেন।
ঘটনাস্থলে পাঠানো জাতিসংঘের একটি উদ্ধার দলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোনো লাশই শনাক্ত করা যায়নি।
২০২৫ সালের জানুয়ারিতে উত্তর দক্ষিণ সুদানে একটি বিমান দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়।
২০২১ সালে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) জ্বালানি বহনকারী একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জনের প্রাণহানি ঘটে।
২০১৫ সালে জুবায় সোভিয়েত আমলের একটি আন্তোনভ বিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জন মারা যান।
এছাড়া ২০১৭ সালে একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি ফায়ার ট্রাকে ধাক্কা দিলে আগুন ধরে যায়। তবে অলৌকিকভাবে বিমানে থাকা ৩৭ জনই অক্ষত অবস্থায় বেঁচে যান।