বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৩:৩৮

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি নিচে তুলে ধরা হলো:

-ইসরাইলি সেনা নিহত-

ইসরাইলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননে ‘যুদ্ধ চলাকালে’ তাদের এক সেনা নিহত হয়েছে। অঞ্চলটিতে এপ্রিলের মাঝামাঝি থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ পরস্পরের বিরুদ্ধে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

-হিজবুল্লাহর অভিযোগ-

হিজবুল্লাহ এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

তারা বলেছে, দক্ষিণ লেবানন ও উত্তর ইসরাইলে তাদের হামলা ‘অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার প্রথম দিন থেকেই শত্রুপক্ষের ধারাবাহিক লঙ্ঘনের বৈধ জবাব।’

-পুতিনের সঙ্গে বৈঠক-

আইএসএনএ সংবাদ সংস্থা জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার মস্কো সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

-পাকিস্তানে ফিরলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী-

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, সংক্ষিপ্ত ওমান সফর শেষে আব্বাস আরাকচি আবার পাকিস্তানে ফিরেছেন। 

এর আগে তিনি ইসলামাবাদ ছেড়ে গেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প তার দূতদের নির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেন। 

এতে আলোচনার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে।

-নেতানিয়াহুর অভিযোগ-

বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর কর্মকাণ্ড ইসরাইল-লেবানন যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলছে।

তিনি প্রতিশ্রুতি দেন, ইরান-সমর্থিত এই গোষ্ঠীকে ‘কঠোরভাবে’ লক্ষ্যবস্তু করা হবে।

তিনি বলেন, ‘হিজবুল্লাহর লঙ্ঘন বাস্তবে যুদ্ধবিরতিকে ভেঙে দিচ্ছে।’

-ইসরাইলি হামলা-

লেবাননের সরকারি গণমাধ্যম জানায়, রোববার দক্ষিণাঞ্চলের সাতটি স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর, সেখানে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।

রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, সতর্ক বার্তার তালিকাভুক্ত কফর তিবনিত এলাকায় ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। সেখানে হতাহতের খবর পাওয়া গেছে।

-গুলির ঘটনায় বিচলিত নন ট্রাম্প-

ওয়াশিংটনে এক মিডিয়া ডিনারে শনিবারের গুলির ঘটনা ইরান যুদ্ধ থেকে তাকে সরাতে পারবে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘এটা আমাকে ইরান যুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্য থেকে বিরত করবে না। যতদূর জানা গেছে, এর সঙ্গে হামলার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না।’

-ইরানে মৃত্যুদণ্ড কার্যকর-

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, সুন্নি জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের সদস্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় জড়িত থাকার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এর একদিন আগে, ইসরাইলের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগে আরও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানানো হয়।