বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৪:৩৬

গুলির ঘটনা ইরান যুদ্ধ থেকে আমাকে বিরত রাখতে পারবে না: ট্রাম্প

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিরত করতে পারবে না। 

তবে ঘটনাটি ওই সংঘাতের সঙ্গে যুক্ত নয় বলেই তার বিশ^াস।

হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনা ইরান যুদ্ধ জয়ে আমাকে নিরুৎসাহিত করতে পারবে না। এটি এর সঙ্গে সম্পর্কিত কি না আমি জানি না। তবে আমরা যা জানি, তাতে আমি তা মনে করি না।’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর আগে শনিবার তিনি বলেন, ঘটনাটি ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত কি না, তা নিয়ে ‘কখনোই নিশ্চিত হওয়া যায় না।’ 

তিনি জানান, হামলাকারীর উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্তকারীরা কাজ করছেন। 

তাকে তিনি ‘একক হামলাকারী’ হিসেবে বর্ণনা করেন।

এর আগে, শনিবারই ট্রাম্প পাকিস্তানে তার দূতদের সফর বাতিল করেন। 

প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধের পর তেহরানের আলোচনার অবস্থান সন্তোষজনক না হওয়ায়, তিনি এ সিদ্ধান্ত নেন। 
ওই সফরে ইরানের সঙ্গে শান্তি আলোচনা হওয়ার কথা ছিল।